মানবপাচারকারী চক্রের প্রতারণার শিকার ৩০৯ জন বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানিয়েছেন, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ছয় হাজার টাকা করে নগদ অর্থ ও খাবার সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় আটকে পড়া এসব বাংলাদেশি মূলত দালালদের খপ্পরে পড়েছিলেন। ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়। এদের মধ্যে অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় আটক হন, আবার অনেকে লিবিয়ায় গিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন প্রক্রিয়া সফল করতে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম যৌথভাবে কাজ করেছে। সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করার পাশাপাশি বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রেখেছে।
সূত্র: Probash News



