প্রান্তজন ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জর্ডানের আয়মান সাফাদি এবং কুয়েতের শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় সব পক্ষকে সংলাপ ও কূটনীতির পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গত ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি মেনে চলার বিষয়ে নেতারা একমত হয়েছেন। হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং সামগ্রিক আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এই সমঝোতার মূল লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কাতারের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে এবং সংঘাত এড়াতে কাতার তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
একই সঙ্গে ২০ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সূত্র: গালফ বাংলা



