প্রেস বিজ্ঞপ্তি: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণমূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৩ আগস্ট ২০২৬ তারিখে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান ও উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন বিষয় ও জনগণের করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশন করা হয়। সংগীত পরিবেশনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনি ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগীতানুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় উন্মুক্ত বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। নাটোর জেলা তথ্য অফিসার মো: আ: আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) তাসলিমা আক্তার, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলী আকবর প্রমুখ।
বক্তব্যে মহাপরিচালক বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে এর বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ ও জনগণের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি নির্বাচনি ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের পাশাপাশি জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। সামাজিক অবক্ষয় রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে তিনি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উন্মুক্ত বৈঠকে তিনি উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্ন ও মতামত শোনেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা সরকারের বিভিন্ন কার্যক্রম, নির্বাচনি ইশতেহার এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের সংগীত দল একই দিনে ভিন্ন ভিন্ন সময়ে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় এবং বড়াইগ্রাম উপজেলার তিরাইল উচ্চ বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।



