রিপন হোসেন, সিংড়া: নাটোরের সিংড়ায় চার হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই ইউএনও আব্দুল্লাহ আল রিফাত আগত কৃষকদের মুখে তাদের সমস্যার কথা শোনেন। পরে তিনি কৃষকদের ফসলে অতিরিক্ত সার প্রয়োগ না করা ও দ্রুত মাঠের পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেন।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার চার হাজার প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি পাঁচ কেজি রোপা আউশ ধান বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।



