প্রান্তজন রিপোর্ট: নাটোরে র্যাবের অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫ ও র্যাব-১২-এর যৌথ দল।
বুধবার (২ সেপ্টেম্বর) র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প ও সদর কোম্পানি এবং র্যাব-১২-এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার সাংগরাবাড়ী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. মিজানুর রহমান (৩৮)।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা কাপড় বহনের ব্যাগ ও চালের বস্তা তল্লাশি করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নীলফামারী হতে শুকনা গাঁজা (মাদক) অবৈধভাবে সংগ্রহ করে নাটোর রেলস্টেশন হয়ে ইজিবাইকযোগে নাটোর হতে রাজশাহীর পুঠিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল তারা।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।



