কালিদাস রায়: নাটোরের লালপুরে মাদক ও মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের ৫ সদস্য। মঙ্গলবার রাত ১০ টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় এই ঘটনা ঘটে। মাদক কারবারীদের হামলায় আহত ৫ জন র্যাব সদস্যের মধ্যে ১জন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সোহাগ মাহমুদ (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সোহাগ মাহমুদ নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রাতে র্যাবের ৫, সিপিসি-২ নাটোরের এএসআই পারভেজ মুন্সীর নের্তৃত্বে ৬ সদস্যের একটি দল সিভিল পোষাকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় মাদক ও মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় গ্রেফতারকৃত সোহাগ মাহমুদের নের্তৃত্বে ১০/১৫ জন একত্রিত হয়ে র্যাব সদস্যদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তারা র্যাব সদস্যদের পরিচয় জানতে চায়। র্যাব সদস্যরা পরিচয় দিয়ে চলে আসতে চাইলে তারা র্যাব সদস্যদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের সাথেও তর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সোহাগ মাহমুদকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে হামলায় গুরুতর আহত র্যাব সদস্য শাহীন হোসেনকে,৩০, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। র্যাবের অন্যান্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরো জানান, এই ঘটনায় সোহাগ মাহমুদ নামে একজনকে গ্রেফতার হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।



