প্রান্তজন রিপোর্ট: নাটোরে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৪০ বোতল মাদকদ্রব্য, ১৫ কেজি মদ ও দুইকেজি গাঁজা জব্দ করেছে। এ সময় এক বৃদ্ধ নারীসহ চারজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু জানান, বুধবার রাতে শহরের ষ্টেশন বাজার এলাকা থেকে মোসাঃ হেলেনা বেগম (৬৫) নামে এক নারীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক হেলেনা খাতুন দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করেছেন। একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকা থেকে পৃথক অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটককৃতরা হলো চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভুঁইয়ার ছেলে শ্রী সুরুজ ভুঁইয়া ও শ্রী বাবুল ভুঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভুঁইয়া। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান বাদী হয়ে নাটোর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন। একই দিন সকালে অপর অভিযানে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ ইয়াকুব কবিরাজের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির শয়নকক্ষের বারান্দার মাটির নিচে পুতে রাখা ফেন্সিডিল জাতীয় ১৪০ বোতল বিভিন্ন নতুন ধরনের মাদক জব্দ করা হয়। ইয়াকুব কবিরাজ কালিকাপুর গ্রামের মৃত মোখলেছ কবিরাজের ছেলে। তার বিরুদ্ধে বুধবার রাতে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ দেবনাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।



