প্রান্তজন রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহির উদ্দিন জহির, যুগ্ম আহ্বায়ক মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনটির নেতাকর্মীরা মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে আসছেন। বক্তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।



