নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় এক রাতেই ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। কারণ কৃষকদের নিজস্ব টাকা দিয়ে এই ট্রান্সফরমার কিনে নিতে হয়।
শনিবার (২ মে) রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠ থেকে এই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
জানা যায়, নলডাঙ্গা দুর্লভপুর গ্রামের মাঠে স্থাপিত গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোর চক্র একে একে ৬টি ট্রান্সফরমার নামিয়ে নিয়ে গেছে। ভুক্তভোগী গ্রাহকরা হলেন, দুর্লভপুর গ্রামের মোঃ ইয়াদ আলী মণ্ডল, মোঃ সুলতান আলী সরদার, মোঃ জরুল ইসলাম সুরুজ ও মোঃ মিলন প্রামাণিক। এছাড়া একই গ্রামের মোঃ আফসার আলী খানের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ভুক্তভোগী কৃষক মোঃ মিলন প্রামাণিক ও মোঃ জহুরুল ইসলাম বলেন, সকালে মাঠে গিয়ে দেখি খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলসগুলো পড়ে আছে। ধানের দাম হওয়ায় খরচের টাকাই উঠবে কি না এই দুশ্চিন্তায় আছি। এর মধ্যে আবার ট্রান্সফরমার চুরি হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি কারণ আগামী মৌসুমীর শুরুতে আবারো টাকা দিয়ে এই ট্রান্সফর্মার নিতে হবে। প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন চোরদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম মোঃ আবু তাহের জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। এলাকায় বিদ্যুৎ কর্মীদের পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মোঃ নুরে আলম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ধরনের চোর চক্রকে ধরতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



