বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ফিরে না আসায় অভিমানে রাসেল আহম্মেদ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত রাসেল উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের সেকেন আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে রাসেল ঈশ্বরদী এলাকায় বিয়ে করে। কিছুদিন যাবৎ তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জের ধরে গত তিন মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। একাধিক বার যোগাযোগ করেও তিনি আর ফিরে আসেননি। এর মধ্যে রোববার রাসেল পুণরায় শ্বশুরবাড়িতে গিয়ে তাকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী আসতে রাজি না হওয়ায় একাই ফিরে এসে রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শোবার ঘরে চলে যায়। কিন্তু সোমবার সকাল ১০টা বেজে গেলেও ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করেও দরজা না খোলায় স্বজনেরা জানালা ভেঙ্গে তাকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।