পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজির ধাক্কায় বিজন দত্ত (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রাজবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিজন দত্ত পুঠিয়া রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজন দত্ত রাজশাহী জেলার আড়ানী-পুঠিয়া সড়কের রাজবাড়ী এলাকায় হাটাহাটি করতে বাড়ি থেকে বের হয়। হাটাহাটি করার সময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সিএনজি বিজন দত্তকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, নিয়মিত একটি মামলা হয়েছে। তার পারিবারিক অনুরোধের কারনে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।



