নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজের ওপর হামলা মামলার আসামীদের গ্রেফতার দাবীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা বিএনপি। এই তিনদিন গুরুদাসপুর ও বড়াইগ্রামে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির জেলার নেতারা। দাবী আদায় না হলে সারা নাটোরে হরতাল কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। রোববার (৬ ফেব্রুয়ারী) দুপুরে শহরের আলাইপুর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসামীদের গ্রেফতারের দাবী জানিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সদস্য সচিব রহিম নেওয়াজ। এর আগে শনিবার রাতে হামলার ঘটনায় অভিযুক্ত আমিরুল ইসলামসহ অজ্ঞাত ১০/১৫ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন আব্দুল আজিজের ভাগ্নে মতিউর রহমান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুসহ জেলা ও গুরুদাসপুর উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, গত শুক্রবার ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিরুলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল বিএনপি সভাপতি আব্দুল আজিজের ওপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আব্দুল আজিজের মাথার খুলি ফেটে যাওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আমরুল ইসলামসহ ১০ জনের নামসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের দমন করার জন্য হামলা, মামলা বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুল আজিজের ওপর হামলা করা হয়েছে। এর কিছুদিন আগে নাটোর পৌর বিএনপির সহ-সভাপতি নাসিম খানের উপর হামলা করা হয়েছে। এভাবে একের পর এক বিএনপি নেতাকর্মীরা হামলার শিকার হতে থাকলে প্রতিহত করা ছাড়া বিএনপির হাতে কোন উপায় থাকবে না। এসব ঘটনার দ্রুত বিচার না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, মামলা দায়েরের পর আসামীদের ধরতে কাজ করছে পুলিশ।






