প্রান্তজন রিপোর্ট: জেলায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় জেলা প্রশাসক বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে এ জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা আছে। হামের উপসর্গ নিয়ে কোনো শিক্ষার্থীকে স্কুলে না যেয়ে বরং বাড়িতে বিশ্রাম নিতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এবং পর্যাপ্ত টিকা আমাদের মজুত আছে। তাই কোনো অপপ্রচারে কান না দিয়ে সচেতনতা সৃষ্টিতে আমাদের কাজ করতে হবে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সন্দেহজনক মোট ৩৮ জনের হাম পরীক্ষার জন্যে নমুনা পাঠানো হয়। এর মধ্যে ১৩ জনের হাম শনাক্ত হয়। ১৩ জনের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকী সাতজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সুমনা সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।



