সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধ ভাবে বাসা বাড়ির নিচতলায় (৫৮ ব্যারেল) ১২ হাজার লিটার পেট্রোল, অকটেল ও ডিজেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে আলতাব হোসেন (৪৮) নামের এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রামম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। একই সাথে উদ্ধারকৃত তেল সরকারি দামে আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর গ্রামে ওই ব্যবসায়ীর দোতলা বিল্ডিং বাড়ির নিচতলা গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয় বলে জানা গেছে। পরে শেরকোল শাহী বাজারে ওই ব্যবসায়ীর মেসার্স আশা ট্রেডার্সে সরকারি দামে পুলিশ পাহারায় তেল বিক্রয়ের ব্যবস্থা করেন ইউএনও।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল রাণীনগর গ্রামে ব্যবসায়ী আলতাব হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে মোট ৫৮ ব্যারেল এর সন্ধ্যান পাওয়া যায়। এর মধ্যে ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেল, দুই ব্যারেল পেট্রোল ও দুই ব্যারেল মবিল অবৈধ ভাবে মজুতের সন্ধ্যান পাওয়া যায়। পরে ওই ব্যবসায়ী কাছ থেকে মুচলেকা নেয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তাছাড়া ওই ব্যবসায়ীর কোন তেল বিক্রয়ের লাইসেন্স নেই বলে জানান ইউএনও।



