স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নাটোর পৌরসভা প্রাঙ্গণে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত এই চাল পৌরসভার তালিকাভুক্ত কার্ডধারী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১৪ মার্চ থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এই মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর পৌরসভার প্রশাসক আবুল হায়াত এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম। তাদের উপস্থিতিতেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণের প্রক্রিয়া শুরু হয়। গতকাল ১৬ মার্চ এই বিতরণ কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ হয়েছে। বিতরণ চলাকালীন সময়ে উপকারভোগীদের ভিড়ের কারণে শুরুতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও নাটোর পৌরসভার কর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের হাতে চাল তুলে দেওয়া সম্ভব হয়। এ সময় পৌর কর্তৃপক্ষ তাদের বক্তব্যে জানান, প্রতিবারই যেন এভাবে স্বচ্ছতা ও শান্তির সাথে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা যায়, সেজন্য তারা সচেষ্ট রয়েছেন। একইসাথে তারা এই জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেছেন। সরকারের এই সহায়তা ঈদের আগে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মত প্রকাশ করেন।



