8.9 C
New York
Sunday, March 15, 2026
No menu items!
Homeবিশেষ সংবাদঈদ-উল-ফিতরে নাটোরে ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় রোভার স্কাউটস

ঈদ-উল-ফিতরে নাটোরে ট্রাফিক নিয়ন্ত্রণে সক্রিয় রোভার স্কাউটস

অনন্যা তৃষা: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নাটোরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বাংলাদেশ রোভার স্কাউটস, নাটোর জেলা রোভারের সদস্যরা। জেলা প্রশাসনের বিশেষ সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় তাদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমাদৃত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, নাটোর শহরের অত্যন্ত ব্যস্ততম পয়েন্ট হিসেবে পরিচিত ছায়াবাণী মোড়, পৌরসভার মোড়, মাদ্রাসা মোড় এবং স্বর্ণকার পট্টিতে রোভার সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত শিফটে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছেন। এই কার্যক্রমে জেলার বিভিন্ন ইউনিটের রোভাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। বিশেষ করে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ রোভার ইউনিট, আব্দুলপুর সরকারি কলেজ রোভার ইউনিট, রাজসিক মুক্ত স্কাউট গ্রুপ নাটোর, সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজ রোভার ইউনিট এবং এম কে কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করছেন।
ট্রাফিক পুলিশের সরাসরি দিকনির্দেশনা ও বিশেষ নিয়মাবলী অনুসরণ করে রোভাররা যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনছেন। যানজট নিরসনের পাশাপাশি রাস্তা পারাপারে পথচারীদের সহায়তা করা, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার মতো মানবিক কাজগুলোতেও তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। এই বিশেষ সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রশাসনের এই সরাসরি তত্ত্বাবধান রোভার সদস্যদের মনোবল বৃদ্ধি করেছে এবং শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন মাত্রা যোগ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের কেনাকাটা ও ঘরে ফেরার চাপে রাস্তাঘাটে যে তীব্র ভিড় তৈরি হয়, তা সামলাতে রোভার স্কাউটসের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পুলিশ বাহিনীকে বাড়তি শক্তি যুগিয়েছে। তাদের এই শৃঙ্খলা ও দায়িত্ববোধ সাধারণ মানুষের যাতায়াতকে অনেকটা স্বস্তিদায়ক করে তুলেছে।

- Advertisment -

Most Popular

Recent Comments