নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের কারনে সৃষ্ট দূর্ঘটনায় আহত
সাংবাদিক আব্দুল কাদের সজল ওই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের
করেছেন। সোমবার রাতে চিকিৎসাধীন সাংবাদিকের পক্ষে তার ভাগিনা মবিদুল ইসলাম
থানায় এজাহারের কপি পৌঁছান। অভিযুক্ত মোটরসাইকেল চালক জেলা সদরের সেনভাগ
গ্রামের ইয়াছিন আলীর ছেলে বেলাল হোসেন (৪০)।
মামলা সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর শুক্রবার সকালে দৈনিক আজকের পত্রিকার
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের সজল জনৈক ইকরাম আলীর সিএনজি
অটোরিক্সায় উপজেলার রাজ্জাক মোড় থেকে জোনাইল বাজারে যাচ্ছিলেন। পথে
জোনাইল ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় বিপরিত দিক থেকে বেপরোয়াগতির মোটরসাইকেল
নিয়ে বেলাল হোসেন ওই সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়।
এতে সিএনজি উল্টেগেলে সাংবাদিক সজল চাপা পরেন। এতে তার বাম পায়ের টাকনুর
উপরের হাড় ও একই পায়ের উরু ও মেরুদন্ডের জয়েন্টের হাড় ভেঙে যায়। সিএনজি
চালক ও স্থানীয় আয়ুব আলীর সহায়তায় তাকে উদ্ধার করে লক্ষীকোল তাহের
ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই বিকেলে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে
তার পায়ের টাকনুর উপরের হাড়ের অস্ত্রপচার হয়েছে। আরও একটি অস্ত্রপচার খুব
অল্পদিনেই হবে।
রাজশাহী মেডিকেলের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক শায়াত শামস্ রকি বলেন,
চিকিৎসা চলছে। অস্ত্রপচারের মাধ্যমে সাংবাদিক সজলকে সুস্থ করা যাবে।
কিন্তু দীর্ঘ সময় আর অর্থ ব্যয় দুটোই লাগবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, মামলা
দায়ের সম্পন্ন হয়েছে। এখন আসামী গ্রেফতারসহ পরবর্তী কার্যক্রম শুরু করা
হয়েছে।



