রাজশাহী প্রতিনিধি: ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে মহানগর বিএনপি। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর মনিচত্বর এলাকার সিটি টাওয়ারের অস্থায়ী মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় জানাজার নামাজ শেষে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা বলেন, লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালিন বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকে গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা বলে বিএনপির এই নেতা জানান।