গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে দুই ভাইকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত দুইভাই হলেন কাঠ ব্যবসায়ি আব্দুস সামাদের ছেলে রেজাউল করিম (কালু) ও এমদাদুল হক। তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেওয়া হয়েছে। শনিবার (১৬ জুলাই) বেলা ১০টার দিকে পৌরসদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিরসনে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
আহত কালু ও তার স্বজনরা জানায়, ঘটনার দিন শনিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মধ্যমপাড়া মহল্লায় এমদাদুল হক ইন্দা ও তার ছোট ভাই সাইফুল ইসলা গেন্দার নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে এবং তার কাছে থাকা ৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত রেজাউল করিম কালু বাদি হয়ে গুরুদাসপুর থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, এমদাদুল হক ইন্দা (৪৮), মো. রনি (২০), মো. সেলিম (৩৫), মো. শাকিল (১৮), সাইফুল ইসলাম গেন্দা (৪০), শামীম ওরফে জাম্বু (৩৭), মো. সাব্বির (১৮), মো. মিলন (৪২), মো. বিশাল (১৭) ও মো. আবু বক্কার (৫৫)।
উল্লেখ্য গত শুক্রবার (১৫জুলাই) সন্ধ্যায় আসামি এমদাদুল হক ইন্দার ছেলে মো. রনির (২০) কাছে দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় কালুর চাচা আনারুল ইসলামকে মারধর করে এবং দোকান ভাংচুর করে। এ ঘটনায় আনারুল ইসলাম (৫৮) ওই রনির বিরুদ্ধে থানায় মামলা করলে কালু ও তার ভাই এমদাদুল হক হামলার শিকার হন। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






