রাজশাহী প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ভাষা আন্দোলনের মাসেই রাজশাহীতে ভারত-বাংলাদেশ কালচারাল মিট অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি যুগোপযোগী ও সময়োপযোগী পদক্ষেপ। এই কালচার অনুষ্ঠানের মাধ্যমে উভয় দেশের ব্যবসা, কৃষিসহ আর যে সমস্ত বিষয়গুলি আছে, আমরা এর মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুরাহা করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগর ভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ ইন্ডিয়া কালচারাল মিট প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, মানুষ সামাজিক জীব। আমরা যদি প্রতিবেশির সাথে সামাজিক সম্পর্ক রাখতে না পারি তাহলে কোন দিনই আমরা কোন উন্নতি করতে পারি না। আমরা যদি বাড়ীর আশেপাশের সামাজিক জীব হিসেবে বাড়ীর পাশের লোকের সাথে সমাজ ব্যবস্থা ও সামাজিক মনোভাব গড়ে তুলতে না পারি তাহলে আপনার সংসারে বা এলাকাতে সুখ আসবে না। সে কারণে আমি বলতে চাই, যে মহান মুক্তিযুদ্ধে আমাদের ১ কোটি মানুষকে খাইয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে ভারত আমাদেরকে অনেক এগিয়ে দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্ব ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট, রাজশাহী প্রস্তুতি কমিটির সদস্য সচিব কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়কারী এ এস এম শামসুল আরেফিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ। উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট ২০২২ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।